করোনা ভ্যাকসিন নিয়ে দলবাজি করা চলবে না এই দাবীতে নবদ্বীপ পৌরসভায় অবস্থান-বিক্ষোভ

করোনা ভ্যাকসিন নিয়ে দলবাজি করা চলবে না এবং সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করার দাবি নিয়ে নবদ্বীপ পৌরসভায় অবস্থান-বিক্ষোভ ডিওয়াইএফআই নবদ্বীপ ব্লক ও শহর কমিটির। এদিন দুপুরে নবদ্বীপ পৌরসভার মূল গেটের সামনে সামাজিক বিধি মেনেই এবং মুখে মাস্ক পড়ে প্রায় ৩০ মিনিট ধরে অবস্থান-বিক্ষোভ দেখালেন ও ডেপুটেশন জমা দিলেন ডিওয়াইএফআই এর কর্মী ও সমর্থকরা। সেখানে তাঁদের মূল দাবি, অবিলম্বে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করার পাশাপাশি রেড ভলেন্টিয়ার্স দের বিশেষ ভাবে ভ্যাকসিন এর ব্যবস্থা করা। এদিন ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সম্পাদক প্রীতম মজুমদার ক্ষোভ উগরে দিয়ে বলেন, নবদ্বীপ হাসপাতলে কোন সামাজিক বিধিনিষেধ মানা হচ্ছে না। সুস্থ মানুষ ভ্যাকসিনের জন্য নবদ্বীপ হাসপাতালে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে ফিরে আসছেন। তিনি আরো বলেন, মানুষের স্বার্থে কোনো রাজনৈতিক রঙ না দেখে সমস্ত স্তরের মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক নবদ্বীপ পৌরপ্রশাসন।ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা তাঁদের দাবি পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে নবদ্বীপ পৌরসভায় জানানোর পর প্রায় ৩০ মিনিট পর তাঁরা নিজেরাই অবস্থান বিক্ষোভ তুলে নেয়।