এক গৃহবধূর আপত্তিকর ছবি তুলে তাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো নবদ্বীপ থানার পুলিশ

মলয় দে, নদিয়া:- নবদ্বীপের এক গৃহবধূর আপত্তিকর ছবি তুলে তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের নাম শঙ্কু নন্দী। বাড়ি চারিচারা বাজার লেনে। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। এদিন ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ ধৃতের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন। বধূর স্বামী স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। বধূর অভিযোগ, স্বামী কাজে যাওয়ার পর বাড়িতে একাই থাকতাম। সেই সুযোগে আমার অজান্তে ওই যুবক আমার একটি আপত্তিকর ছবি তোলে। সেই ছবি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত ওই যুবক। এমনকি ওই ছবি সোশ্যালমিডিয়ায় ভাইরাল করে দেবার ভয় দেখানো হয়। আমাকে প্রাননাশেরও হুমকি দেওয়া হয়। পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের হতেই, ওই রাতেই ধৃতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।