আপনাকে মানুষের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আপনাকে মানুষের পরিষেবা দিতেই হবে। সরকারি কর্মীদের উদ্দেশ্যে বললেন ফিরহাদ হাকিম

মেয়রের স্পষ্ট কথা, অফিসে এসে সই করলে কাজ করতে হবে। কোনও কর্মবিরতি করা যাবে না। নইলে ছুটি নিয়ে নিতে পারেন তাঁরা। ববির যদিও দাবি, কিছুই হবে না পুরসভায়। সমস্ত কাজকর্ম স্বাভাবিক থাকবে।
এই ধরনের রাজনীতির জন্য বামেদের বিরুদ্ধে তোপ দেগেছেন কলকাতার মেয়র। তাঁর কথায় বামেরাই এ র‍্যাজ্যে ধর্মঘটের রাজনীতি করে বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। এখন তারা বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তখন আবার কিছু বাম সংগঠন
পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছেন। কিন্তু তা আর হবে না।
বকেয়া মহার্ঘভাতার দাবিতে আগামী ১০ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ ধর্মঘট ডেকেছে। তার আগে বৃহস্পতি ও শুক্রবার কর্মবিরতির ডাক দিয়েছে কলকাতা পুরসভার বামপন্থী কর্মী সংগঠনগুলি। বুধবার এ ব্যাপারে তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিতে চাইলেন মেয়র ফিরহাদ হাকিম
এদিন পুরকর্মীদের দু’দিনের কর্মবিরতি প্রসঙ্গে ববি হাকিম বলেন, ‘কোনও কর্মবিরতি হবে না। আপনার যদি না পোষায় তাহলে ছেড়ে দিন। কিন্তু আপনাকে মানুষের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আপনাকে মানুষের পরিষেবা দিতেই হবে।’
রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবি করছেন। সেইপ্রসঙ্গ উল্লেখ না করলেও ঠারেঠোরে কলকাতার মেয়র বলেছেন, তেমন মনে হলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে গিয়ে যোগ দিতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা।