মলয় দে নদীয়া :- সকাল থেকে রাত ফুলিয়া বাজার কখনো ফুলিয়া স্টেশন কখনো এলাকায় ঘুরে ঘুরে আজও বিক্রি করছেন পাপড় ভাজা, পেটের দায়ে। শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া গ্রামের বাসিন্দা সাধন বসাক। বর্তমান সাধন বাবুর বয়স ৮০ বছর । সাধন বাবুর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। পরিবারে সাধন বাবুর ছেলে থাকলেও দুমুঠো ভাত দেন না মা ও বাবাকে এমনটাই অভিযোগ সাধন বাবুর। স্ত্রী বার্ধক্য ভাতা পেলেও দ্বারে দ্বারে ঘুরে আজও জোটেনি সাধন বাবুর কপালে ভাতা। তাই বাধ্য হয়ে এই বয়সেও সংসার চালাতে ঘুরে ঘুরে পাপড় ভাজা বিক্রি করতে হচ্ছে। কিন্তু বেচাকেনা করে যেটুকু মুনাফা হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় সাধন বাবুকে। তাই অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়াতে বেশিরভাগ দিনই তাকে চা-বিস্কুট খেয়ে দিন কাটাতে হচ্ছে । সরকারি সুবিধা বলতে রেশনের চাল পান কিন্তু তাতে ও দুজনের চলে না। আগামী দিন কিভাবে সামলাবেন সংসার বুঝে উঠতে পারছেন না সাধনবাবু। বেশ কয়েকবার বার্ধক্য ভাতার আবেদন জানিয়েছেন সাধনবাবু এখন দেখার কবে জোটে কপালে বার্ধক্য ভাতা।

