৩ নভেম্বর দিনটি সরকারি ভাবে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো প্রতিরোধী দিবস হিসাবে পালন করা হয়

ফসলের অবশিষ্ট অংশ জমিতে পোড়ানো আইনত নিষিদ্ধ। প্রতিবছর নভেম্বর মাস জুড়ে বিশেষ সচেতনতার শিবির করা হয় জেলায় জেলায়। ৩ নভেম্বর দিনটি সরকারি ভাবে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো প্রতিরোধী দিবস হিসাবে পালন করা হয়। বৃহস্পতিবার মালদহ জেলা জুড়ে এই দিনটি পালন করা হল। জেলা কৃষি দফতরের উদ্যোগে প্রতিটি ব্লকে কৃষকদের নিয়ে সচেতনতা শিবির,ব়্যালি করা হয়। ইংরেজবাজার ব্লকের সহ কৃষি দফতরের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবির ও ব়্যালি করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা কৃষি আধিকারিক সৌমেন্দ্রনাথ দাস, ইংরেজবাজার ব্লক সহ কৃষি আধিকারিক সেফাউর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। ইংরেজবাজারের বিভিন্ন প্রান্তের কৃষকেরা এদিনের এই সচেতনতামূলক শিবির ও ব়্যালিতে অংশগ্রহণ করেন।জমি থেকে ফসল কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ পড়ে থাকে। অধিকাংশ কৃষক অসচেতন ভাবে জমিতে পড়ে থাকা ফসলের অবশিষ্ট অংশ আগুনে পুড়িয়ে দেন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হয় পাশাপাশি কৃষিজমের উর্বরতা শক্তি নষ্ট হয়। তাই জমির উর্বরতা শক্তির মান সঠিক রাখতে কৃষকদের ফসলি জমিতে আগুন লাগানো নিয়ে সতর্ক করা হয়। জমিতে পড়ে থাকা অবশিষ্ট অংশ আগুনে পোড়ালে কি কি ক্ষতি হয় সে সমস্ত বিষয়ে অকিবহল করা হয় কৃষকদের।