হরিণঘাটায় সিভিক পুলিশকে বেঁধে রেখে দুটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি
হরিণঘাটা থানার কাষ্টডাঙা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজারে মধ্যরাতে সিভিক পুলিশকে বেঁধে রেখে দুটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। দুটি দোকানের শাটার ভেঙে সমস্ত অলঙ্কার ও নগদ টাকা লুট হয়ে যায়। দোকান দুটি হলো মাতৃ জুয়েলার্স এবং ভোলানাথ জুয়েলার্স।
স্থানীয় সূত্রে জানা যায়, কাষ্টডাঙা বাজারে পাহারায় ছিলেন দুজন সিভিক ভলেন্টিয়ার। যখন দুষ্কৃতীরা ওই দুটি সোনার দোকানের লুট করতে আসে, তখন ওই দুটি সিভিক ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাঁদের দুজনকে বেঁধে লুট করে ওই দুটি সোনার দোকানে। আরও জানা যায়, প্রথমে শাটার ভাঙার পর গ্রিল ভাঙা হয়। এরপর দোকানে থাকা সিসিটিভিও ভেঙে ফেলে দুষ্কৃতীরা।তারপর লুটপাট চালায়।
মাতৃ জুয়েলার্সের মালিক বিশ্বজিৎ সরকার জানান, তাঁর দোকানে লুটের পরিমাণ নগদ ৩০ হাজার টাকা এবং আনুমানিক ১০ হাজার টাকার রুপোর গয়না। ভোলানাথ জুয়েলার্সের মালিক অর্জুন সরকার জানান, ওই দোকানে লুট হয়েছে নগদ ৫০ হাজার টাকা ও ৫ হাজার টাকা মূল্যের অলঙ্কার।
সাতসকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার মহাদেবপুর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

