শিমুরালির চাঁদুরিয়ায় জীবন সংগ্রামে হার না মানা এক বৃদ্ধের কাহিনী

মৌমিতা দেবনাথ,
শিমুরালির চাঁদুরিয়ায় জীবন সংগ্রামে হার না মানা এক বৃদ্ধের কাহিনী
বয়স প্রায় আশির কোঠায়। চামড়ায় ভাজ পড়েছে বহুদিন। যে বয়সে মানুষ অবসর জীবন যাপন করে সেই বয়সেই কাঠ পোড়া রোদ্দুরে সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে কিনছেন ভাঙাচুরা। গত ১০ থেকে ১২ বছর ধরে শিমুরালির চাদুরিয়া এক নম্বর জিপির বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে জলের বোতল বই খাতা এবং লোহা ভাঙ্গা কিনছেন। বয়সের ভারে শরীর বেঁকে গেছে কিছুটা কিন্তু তবুও তিনি হার মানেননি। ভাঙা ভ্যান রিক্সা নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন জীবন সংগ্রামে টিকে থাকার জন্য। নাম তার তকরেল মন্ডল, নদীয়া জেলার চাপড়া থেকে তিনি শিমুরালি চাদুরিয়া অঞ্চলে এসে ভাঙ্গাচুড়া কেনেন। চাপরা থানার হাটরা থেকে বাসে কৃষ্ণনগর সেখান থেকে ট্রেনে পাল পাড়ায় নেমে ভ্যান নিয়ে আসেন চাদুরিয়া অঞ্চলে। সারাদিন লোহা ভাঙ্গা কাঁচ ভাঙ্গা কিনে ভাংড়ির দোকানে গিয়ে বিক্রি করে তারপরেই তিনি বাড়ি যান। সারাদিনে কোনদিন তার আয় হয় দুশো টাকা অথবা কোনদিন ৫০০ টাকা। যা দিয়ে সংসার চালান তিনি। আসলে এই বৃদ্ধ বয়সে তিনি কারো বোঝা হয়ে থাকতে চান না তাই যতদিন বাঁচবেন এভাবেই সংগ্রাম চালিয়ে যাবেন। সামান্য দুঃখে যেখানে ভেঙে পড়ি আমার আপনার মত মানুষ সেখানে এই বৃদ্ধের জীবন সংগ্রামের গল্প সকলকে অনুপ্রেরণা যোগায়।