রেল লাইনে কাঁটা পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া রেল পুলিশের অধীনে মুঙ্গিয়াকামী হাসপাতাল সংলগ্ন রেল লাইনে। প্রথমে মৃত যুবকের পরিচয় জানা না গেলেও পরবর্তীতে শনাক্ত হয় এটি মুঙ্গিয়াকামী এলাকার রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের সঞ্জয় দেববর্মার মৃতদেহ।
খবরে প্রকাশ, তেলিয়ামুড়ার রেল পুলিশের কাছে শুক্রবার গভীররাতে খবর আসে মুঙ্গিয়াকামী হাসপাতাল সংলগ্ন এলাকায় রেললাইনের এক মৃতদেহ পড়ে রয়েছে। সেই খবর মোতাবেক তেলিয়ামুড়া রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রথমে ব্যাক্তির কোন পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে স্থানীয় লোকজন চিনতে পারে এটি রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের বাসিন্দা সঞ্জয় দেববর্মার মৃতদেহ। পরবর্তীতে পরিবার পরিজনদের খবর পাঠানো হলে পরিবার-পরিজন ছুটে আসে। এবং শনিবার ভোর রাতে তেলিয়ামুড়া রেল পুলিশের তৎপরতায় মৃতদেহ নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্তের পর মৃত দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।
তবে এটি রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনা নাকি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে চলতে গিয়ে দুর্ঘটনা কিংবা অন্য কোন বিষয় সেই সম্পর্কে স্পষ্ট কোনো কিছুই বলতে পারছেনা রেল পুলিশ। এখন দেখার পুলিশি তদন্তে কি তথ্য বেরিয়ে আসে।

