রাস্তার টেন্ডারে গাফিলতির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়াগ্রাম এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে প্রায় দুই ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য বানিয়াগ্রাম এলাকার জন্য পাশ হওয়া রাস্তার টেন্ডার কে অন্য জায়গায় করেছে। তাদের আরও অভিযোগ অমৃতী অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি এবং ব্লক তৃণমূল সভানেত্রীর মদতে পঞ্চায়েত সদস্যরা দুর্নীতির কাজ চালিয়ে যাচ্ছে। ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা নাসিমুল শেখ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হন। তার অভিযোগ বর্তমানে পঞ্চায়েত জমি মাফিয়াদের দ্বারা পরিচালিত হচ্ছে। একটি এলাকার রাস্তা অন্য এলাকায় কীভাবে সম্ভব হচ্ছে তা পঞ্চায়েতের জমি মাফিয়া সদস্যরা করতে সক্ষম হচ্ছে। তাই দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসিরা আজকে রাস্তা অবরোধ করেছে। দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

