মৌমিতা দেবনাথ
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাশি রাশি ভোটার কার্ড, কিন্তু কোথা থেকে এলো?
দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর ভোটের আগে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ২০০ টি ভোটার কার্ড। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলি বাজার এলাকায়। বুধবার সকালে উদ্ধার হল কয়েকশো ভোটার আইডি কার্ড। জানা গেছে যার বেশিরভাগটাই উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের এদিন সকালে বাসিন্দারা এই ভোটার কার্ডগুলো পড়ে থাকতে দেখে। এরপর খবর দেওয়া হয় বাসন্তী থানায়। বাসন্তী থানার পুলিশ এসে এরপর ভোটার কার্ডগুলো উদ্ধার করে। যে স্থানে ভোটার আইডি গুলো উদ্ধার করা হয়েছে সেখান থেকে নিত্য যাতায়াত করে এলাকার বাসিন্দারা। কিছুদিন আগেই বাসন্তীতে উদ্ধার হয়েছে তাজা বোমা আর এবার উদ্ধার ভোটার কার্ড। কিন্তু রাস্তার ওপর এত বিপুল পরিমাণ ভোটার কার্ড কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন সকলের মনে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। বিষয়টি যথেষ্ট চাঞ্চল্যকর বলে দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

