রাজ্য পর্যটন দপ্তরের উপহার শান্তিপুর পৌরসভা কে, সর্বসাধারণের পর্যটনের উদ্দেশ্যে, অত্যাধুনিক মানের লঞ্চ চালু হতে চলেছে খুব শীঘ্রই

মলয় দে নদীয়া :- আবারো বড়সড় পাওনা শান্তিপুর পৌরসভার। রাজ্য পরিবহন দপ্তরের কাছ থেকে, যাত্রী পারাপারের জন্য জোড়া লঞ্চ উপহার পাওয়ার বছর ঘুরতে না ঘুরতেই আবারো উপহার। তবে এবার যাত্রী পারাপারের জন্য নয়, অত্যাধুনিক মানের বিলাসবহুল সুবিশাল লঞ্চ। ‌
১০০ জনেরও বেশি আসন সম্বলিত এই লঞ্চে রান্নার ঘর সহ দুটি বসা ও শোয়ার জন্য কেবিন রয়েছে। রয়েছে মহিলা ও পুরুষ দুটি শৌচাগার, যার মধ্যে একটিতে কোমোড শাওয়ার বেসিন সহ সমস্ত সুযোগ সুবিধা।
আজ শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জি এবং বেশ কয়েকজন পৌরকর্মীকে নিয়ে স্বয়ং চেয়ারম্যান সুব্রত ঘোষ পরিবহন দপ্তরের কাছ থেকে লঞ্চে চেপেই আসেন শ্রীরামপুর পর্যন্ত। তবে রাত হয়ে যাওয়ার কারণে, এবং বেশ খানিকটা সময় লেগে যাওয়ার সুবাদে, তারা প্রত্যেকেই সড়ক পথে ফিরছেন শান্তিপুরে। লঞ্চ আবারও শান্তিপুরের উদ্দেশ্যে কাল সকালে রওনা দেবে সেখান থেকে।
এ প্রসঙ্গে, চেয়ারম্যান সুব্রত ঘোষ এই মুহূর্তে কোন বক্তব্য দেননি, খুব শীঘ্রই তা উদ্বোধন হতে চলেছে সেখানেই বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন আমাদের। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই লঞ্চ নবদ্বীপ মায়াপুর সহ জলপথে বেশ কয়েকটি স্থান নির্বাচন করে, ভ্রমণের উদ্দেশ্যে সাধারণ মানুষের জন্য স্বল্প ভাড়ায় টিকিটের মাধ্যমে নিয়োজিত করা হবে। তবে এ সবই, সিদ্ধান্ত নেবে শান্তিপুর পৌরসভার বোর্ড অফ কাউন্সিল। প্রাত্যহিক না সাপ্তাহিক ভ্রমণের মাথাপিছু ভাড়া এই সমস্ত তথ্য জানতে গেলে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। তবে সর্বপ্রথম আমরাই তুলে ধরতে চেষ্টা করলাম সেই লঞ্চের ছবি।