মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তির বেশিরভাগটাই তৈরি হয় স্কুলজীবনে।একটি ভালো স্কুল একটি ছাত্র বা ছাত্রীকে প্রকৃত মানুষ এবং সফল পেশাদার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে দেয়।তাই শিশুদের জন্য উপযুক্ত স্কুল বাছাই খুব জরুরি।ইংরেজি না বাংলা,কোন মাধ্যমে ভর্তি করা হবে সেটা বাছাইও এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।তাই গ্রামাঞ্চলের শিশুদের ভবিষ্যতের কথা ভেবে সোমবার থেকে মালদহের হরিশ্চন্দ্রপুরে পথ চলা শুরু করল’দ্য গ্লোবাল হারমনি’নামে একটি ইংরেজি মাধ্যম স্কুল।হরিশ্চন্দ্রপুর-তুলসীহাটা গামী ৩১ নং জাতীয় সড়কের ধারে ভবানীপুর ফ্লাইওভারের পাশে স্কুলটি গড়ে উঠেছে।
এই স্কুলের চেয়ারম্যান তথা কর্ণধার মহম্মদ জওয়াহীর রাহী রাণা বলেন, ‘এখন যুগ বদলেছে।গ্রামাঞ্চলের অভিভাবকরাও ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে চান।অধিকাংশ পরিবারই এখন নিউক্লিয়ার ফ্যামিলি।তাই সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য অভিভাবকদের সময়,অধ্যাবসায়,অর্থ ব্যয়ের সুযোগ বেড়েছে।কিছুটা কষ্ট করে হলেও তাঁরা তাই সন্তানের পিছনে টাকা খরচ করতে পিছপা হচ্ছেন না।আমাদের স্কুলের বেতন মধ্যবিত্তের কথা ভেবে ধার্য করা হয়েছে।’তিনি আরো বলেন,’ছাত্র ছাত্রীদের ব্যবহারকে অগ্রাধিকার দিয়ে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত প্রধান শিক্ষক শ্যামাপদ সাহা রায়ের নামে স্কলারশিপ প্রদান করা হবে।ছাত্রছাত্রীদের দূরদর্শী চেতনা ও উদ্ভাবনী ক্ষমতাকে সম্মান জানিয়ে এপিজে আব্দুল কালাম স্কলারশিপ দেওয়া হবে এবং অনাথ শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে।’দ্য গ্লোবাল হারমনি স্কুল সততা,শিক্ষার্থীদের পড়াশোনা,তাদের চারিত্রিক গঠনকে সামনে রেখে তাদের ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশাবাদী অভিভাবকেরা

