মৌমিতা দেবনাথ
সমাজের চোখে তিনি মানসিক ভারসাম্যহীন ব্রাত্য। সমাজের কাছে যে পরিত্যক্ত সেই মানুষটি স্কুলে ছোট ছোট বাচ্চাদের সাথে মিশে গিয়ে তাদেরকে পড়াচ্ছেন ছড়া নামতা সহজ পাঠ। এই নজির বিহীন দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীর চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে কয়েকদিন যাবত স্কুলের চারপাশে ঘোরাফেরা করছিলেন কনক বালা । বিদ্যালয়ের শিক্ষকরা তখন বিষয়টি লক্ষ্য করেন , যে তিনি ছড়া নামতা উচ্চারণ করে বলছেন আর তখনই স্কুলের সকল শিক্ষকরা মিলে উদ্যোগ নিয়ে তাকে ছোট ছোট কচিকাঁচাদের পড়ানোর দায়িত্ব দেন। নিজের ছন্দে কনকবালা স্কুলের টিফিন টাইমে বাচ্চাদের শেখাচ্ছে পড়াশোনা। বিদ্যালয়ের শিক্ষকরা মনে করেছেন যদি ছোট ছোট শিশুদের সাথে মিশে পুনরায় তিনি নিজের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে তাহলে ক্ষতি কি। আর যাকে নিয়ে এত গল্প মানে কনক বালা সেও জানালো যে তার বেশ ভালই লাগে ছোট ছোট বাচ্চাদের পড়াতে। কচিকাচারাও অত্যন্ত খুশি তাকে পেয়ে। শিশুদের সাথে কনকবালার যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তা দেখে মুগ্ধ সকলে।

