বেহাল রাস্তার কারণে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

মৌমিতা দেবনাথ,
বেহাল রাস্তার কারণে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
রাস্তার অবস্থা ভগ্নপ্রায় দীর্ঘদিন যাবত যার কোন মেরামতি হয় না। পানীয় জলের ঠিকমতো ব্যবস্থাও নেই গ্রামে। তাই এবার একাধিক অভিযোগে ভোট বয়কটের ডাক দিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। বসিরহাটের এই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন স্বরূপকাঠি থেকে কোঠা বাড়ি পর্যন্ত দীর্ঘ রাস্তার অবস্থা অত্যন্ত দুর্দশা গ্রস্থ। যার ফলে পথ চলাচল করতে অসুবিধা হয় সাধারণ মানুষদের, এমনকি রাত বিরেতে রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যায় পড়েন গ্রামের মানুষ। গ্রামে আসে না কোন গাড়ি এমনকি গ্রামের বাসিন্দাদের আরো অভিযোগ এই রাস্তার জন্য গ্রামের বহু মেয়ের বিয়ে পর্যন্ত আটকে গেছে। ভোট যায় ভোট আসে অথচ রাস্তার কোন সুরাহা হয় না। তাই এবার বাসিন্দারা পথে নেমে ভোট বয়কটের ডাক দিল। যদি রাস্তা সারানো না হয় তবে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করা হবে। বাসিন্দাদের অভিযোগ,প্রতিবার নেতা মন্ত্রীরা গ্রামের মানুষদের আশ্বাস দেন কিন্তু ভোট মিটতেই আর তাদের দেখা পাওয়া যায় না। দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তা একই অবস্থায় পড়ে আছে যে রাস্তা দিয়ে এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে যায় এবং গ্রামের বাসিন্দারা যাতায়াত করে। বহুবার প্রশাসনকে জানিয়েও এর কোন সুরাহা হয়নি তাই এবার সমস্যার সমাধান করতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল এলাকার বাসিন্দারা।