প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পায়ে লিখে মাধ্যমিকে অভাবনীয় সাফল্য জগন্নাথের

মৌমিতা দেবনাথ,
জন্ম থেকেই সে প্রতিবন্ধকতার শিকার। খর্ব কার দুটি হাতে নেই তালু, আঙ্গুল কিন্তু তাতে কি দুটি পা তো আছে আর আছে লড়াই করার জন্য মনে অদম্য সাহস আর ইচ্ছে শক্তি। আর সেই সাহস আর ইচ্ছে শক্তিতে ভর করেই এবছর মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য অর্জন করল পূর্ব বর্ধমানের মেমারি থানার সিমলা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা জগন্নাথ মান্ডি। শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। আর ফল ঘোষণার পরেই জগন্নাথ জানতে পারে সে ২৫৮ নম্বর পেয়ে পাশ করেছে। আর তারপর থেকেই পরিবারসহ গোটা পাড়ায় খুশির আমেজ। তবে জগন্নাথের লড়াই শুরু হয়েছে জন্মের পর থেকেই। শৈশবে তাকে ছেড়ে চলে যায় বাবা মা। তারপর থেকেই বৃদ্ধা ঠাকুমা এবং পিসি ও দাদার স্নেহে সে বড় হতে শুরু করে। আর ছোট থেকেই পড়াশোনার প্রতি অদম্য আকর্ষণ তার।মেমারির নুদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির থেকে সে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে শুধুমাত্র পড়াশোনা নয় তার পাশাপাশি ছবি আঁকাতেও দুর্দান্ত তুখর জগন্নাথ। দুচোখে তার এখন স্বপ্ন শিক্ষক হওয়ার। বিশেষভাবে সক্ষম হতদরিদ্র জগন্নাথের এই জয়কে কুর্নিশ জানিয়েছেন সকলে।