নবনির্বাচিত প্রধানের জামাইয়ের বাড়িতে একাধিকবার বোমাবাজি, ঘটনায় আতঙ্কে গোটা এলাকা, তদন্তে পুলিশ

মলয় দে নদীয়া:-
পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার পরেই নবনির্বাচিত প্রধানের জামাইয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কে গোটা এলাকা। পরিবারের অভিযোগ তৃণমূলের অন্য এক গোষ্ঠী এই বোমাবাজি ঘটনার সাথে জড়িত। ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলঘড়ি ১ নম্বর পঞ্চায়েতের ফুলিয়ার ফুলিয়া পাড়ার। নবনির্বাচিত প্রধানের জামাই মিঠুন বসাকের অভিযোগ, গতকাল ওই পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার পরে তার শাশুড়ি বাসন্তী বসাক প্রধান নির্বাচিত হয়, এরপরেই তারা প্রত্যেকেই বাড়িতে চলে আসেন। অভিযোগ গতকাল গভীর রাতে হঠাৎই তাদের বাড়ি লক্ষ্য করে ইট ছেড়ে দুষ্কৃতীরা, এরপরে বাড়িতে ঢুকে তাণ্ডব চালাই। পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও বেশ কয়েক ঘন্টা বাদে বাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। সেখানেই শেষ নয়, পরপর দু থেকে তিনবার বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে। বিকট শব্দে আবারো বাইরে বেরিয়ে আসে পরিবারের লোকজন, এরপর দেখে বোমা বিস্ফোরণ অবস্থায় পড়ে রয়েছে, এর পরে শুরু হয় ব্যাপক আতঙ্ক, সারা রাত্রি ঘুম নেই পরিবারের, এছাড়াও গোটা এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ঘটনা তদন্ত শুরু করে। নবনির্বাচিত প্রধানের জামাই মিঠুন বসাকের এও অভিযোগ, তার শাশুড়ি প্রধান নির্বাচিত হলেও তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, কিন্তু তাদের বাড়িতে কেন এভাবে হামলা চালানো হলো পুলিশ এর পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। না হলে আগামী দিনে আরও বড় ঘটনা ঘটে যেতে পারে, আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।