নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় যুবকের রহস্যময় মৃত্যু ধীরে চাঞ্চল্য।
অত্যন্ত রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসন্তী তলা এলাকায়। জানা গেছে বছর ৩৫ এর যুবক মানিক মন্ডল নামে ওই যুবক কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর হঠাৎই ভোররাতে পরিবারের কাছে ফোন আসে তার মৃতদেহ ভাসছে বাসন্তী তলা এলাকার একটি পুকুরে। ওই যুবকের বাড়ি শান্তিপুর থানা এলাকার গবারচর মাঝের পাড়ায়। যদিও পরিবারের লোক সেখানে পৌঁছানোর আগেই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে এবং পরে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়। এরপর যদিও চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা জানায় যে গতকাল রাতে ওই যুবক বাসন্তীতলা এলাকার ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আর তখনি চোর চোর শব্দ শুনে ভয়ে নাকি তিনি পুকুরে ঝাঁপ দেন। যদিও পুলিশ গোটা বিষয়টি রহস্যজনকভাবে দেখছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে বিগত বেশ কিছুদিন যাবত ওই যুবকের পারিবারিক অশান্তি চলছিল তাই এদিন রাতে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।

