দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে অবশেষে বর্ষা শুরুর আগেই নতুন রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে অবশেষে বর্ষা শুরুর আগেই নতুন রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে দুটি ঢালাই রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করা হল। ইংলিশবাজার ব্লকের মহদীপুর অঞ্চলের টিয়াকাঠি এবং শনিবাড়ি এলাকায় প্রায় ৪৬৫ মিটার দুটি ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়। জানা গেছে টিয়াকাটি এলাকায় এতদিন কোন ঢালাই রাস্তা ছিল না। অথচ এই রাস্তা দিয়েই রামকেলি, খাসিমারি,লাহারি পাড়া, মালোপাড়া সহ বেশ কয়েকটি এলাকার মানুষজন যাতায়াত করত। ফলে বর্ষা এলেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ত এই কাঁচা রাস্তা। সমস্যায় পড়তে হত গ্রামবাসীদের এবং ছাত্র-ছাত্রীদের। কারণ এই রাস্তা দিয়েই মহদীপুর গার্লস এবং মহদীপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করত। অবশেষে বর্ষার আগেই নতুন রাস্তা পেতে চলেছেন এইসব এলাকার মানুষজন। ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ এদিন নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে টিয়াকাটি এবং শনিবাড়ি এলাকায় এই দুটি রাস্তার শিলান্যাস করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং মহদীপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি প্রশান্ত ঘোষ।