তৃণমূল পঞ্চায়েত প্রধান আবার অন্যদিকে তিনিই সামলাচ্ছেন বিউটি পার্লার

মৌমিতা দেবনাথ
একদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়েও অন্যদিকে সামলাচ্ছেন বিউটি পার্লার ও কসমেটিকসের দোকান। বলতে পারেন দুই হাতে একেবারে দশভূজা। রাজ্যে যখন বারংবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে সেখানে পূর্ব বর্ধমান জেলার দলুইবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কোরা নিজের পরিবার পেশা এবং প্যাশনকে একই সাথে সামলাচ্ছেন। সকালে তিনি দোকান খোলেন তারপর দুপুরে দোকান বন্ধ করে পঞ্চায়েত অফিসে যান সেখানে কাজ মিটিয়ে আবার পার্লারে ফেরেন। তবে শুধুমাত্র এইটুকুতেই থেমে থাকেননি এই পঞ্চায়েত প্রধান,নিজের দৈনন্দিন ব্যস্ত জীবনযাত্রা সামলেও সপ্তাহে তিন দিন তিনি কম্পিউটার প্রশিক্ষণ নেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শুরু করেছেন পড়াশোনা। এ বিষয়ে তিনি জানান যে পঞ্চায়েত প্রধানের পদ মাত্র পাঁচ বছর কিন্তু নিজের রুজি রুটি এবং ভবিষ্যতের জন্য তার এই বিউটি পার্লার। তিনি আরো জানান যে মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। তার বিউটি পার্লারে আসা কাস্টমাররাও অত্যন্ত খুশি তার এই কাজে। এক কাস্টমার ঈশিকা মন্ডল বলেন যাবতীয় যা কিছু আমরা প্রধান দিদির কাছেই তারা করাই। পঞ্চায়েত প্রধান ঝুমা কোরার দৈনন্দিন জীবন সংগ্রামকে কুর্নিশ।