জাতীয় সড়কের ওপরে দাউ দাউ করে জ্বলছে যাত্রী বোঝাই গাড়ি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জাতীয় সড়কের ওপরে দাউ দাউ করে জ্বলছে যাত্রী বোঝাই গাড়ি।
ফের জাতীয় সড়কের ওপরে জ্বলছে গাড়ি। তাও আবার ঘন্টাভর একনাগাড়ে মারুতি গাড়ি জ্বলছে একেবারে সড়কের ওপরে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ৬০ নম্বর জাতীয় সড়কে এক্তেশ্বর ব্রিজের ওপরে।বাঁকুড়ার এক্তেশ্বর ব্রিজের ওপর একটি চার চাকা গাড়িতে আগুন লেগে যায়। ফলত, ব্রিজের দুই ধারের যান চলাচল ব্যাহত হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে, দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানো হয়।জানা গিয়েছে, চার চাকা গাড়িটি বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় এক্তেশ্বর ব্রিজের ওপর হঠাৎই যাত্রী বোঝাই ঐ মারুতি ওমনি গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো গাড়িটিতে ছড়িয়ে পড়ে। রাস্তার উপরেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। যেহেতু ব্রিজের উপরে ঘটনাটি ঘটেছে তাই দুদিক থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয় এবং যার ফলে ব্যাহত হয় যানবাহন পরিষেবা। পুলিশের তরফে জানা গেছে যে এলপিজি গ্যাসের মাধ্যমে গাড়িটি চলছিল আর সেই গ্যাস থেকেই নাকি এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পৌঁছায় বাঁকুড়ার সদর থানার পুলিশ। তবে এই প্রথমবার নয় এর আগেও বেশ কয়েকবার জাতীয় সড়কে এমন ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রীরা।