আলোর উৎসব দীপাবলি। বাঙালিরা এই সময় দেবী শক্তির আরেক রূপ কালী মায়ের আরাধনা করে। বিভিন্ন সময় মা কালীর বিভিন্ন রূপ তৈরি করে চমক সৃষ্টি করেছেন বহু শিল্পীরা। কিন্তু এবার একেবারে অভিনব পদ্ধতিতে মা কালীর প্রতিমা তৈরি করে, নজির গড়লেন হাওড়ার বাগনান গ্রামের চন্দ্রপুর তাঁতি পাড়ার ১৬ বছরের কিশোর অর্ঘ্য বিশ্বাস।
সিলিকন, মাটি এছাড়াও বিভিন্ন উপকরনে প্রতিমা তৈরি হয়। এ কথা আপনি নিশ্চয়ই জানেন কিন্তু কখনো কি চালের গুঁড়ো দিয়ে প্রতিমা তৈরি হতে দেখেছেন? এমনই অসাধ্য সাধন করে দেখালো অর্ঘ্য। চালের গুঁড়ো দিয়ে মাত্র এক ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি করেছে সে। প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে তিন দিন। আর মাত্র তিন দিনের মাথায় এমন সুন্দর অভিনব সৃষ্টি দেখে অর্ঘ্যর প্রশংসায় পঞ্চমুখ সকলে।
এ বিষয়ে অর্ঘ্য বিশ্বাস জানিয়েছেন এর আগেও সে দুর্গা প্রতিমা তৈরি করেছিল। চালের গুঁড়ো দিয়ে এই ঠাকুরটি সে তৈরি করেছে কিন্তু যতটা সহজ ভেবেছিল ততটা সহজ ছিল না বানানোর পদ্ধতি।
পাড়া-প্রতিবেশীরা, তার বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন মাত্র এক ফুট উচ্চতার চালের গুড়ো দিয়ে নির্মিত কালী প্রতিমা চাক্ষুষ করার জন্য।

