ঘড়ির কাটায় তখন রাত্রি বারোটা। বিকট আওয়াজে কেঁপে উঠল রাজ্য সড়ক।

ঘড়ির কাটায় তখন রাত্রি বারোটা। বিকট আওয়াজে কেঁপে উঠল রাজ্য সড়ক। পরপর দুটি তাজা বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার কলিগ্রাম প্রাণসাগর এলাকায়।বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল-আশাপুর রাজ্য সড়কের ধারে প্রাণসাগর এলাকার বাসিন্দা জিয়াউল ও জাহেদ আলীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মাঝরাতে জিয়াউল আলী সহ তার পরিবারের সদস্যরা গভীর রাতে নিদ্রায় আচ্ছন্ন ঠিক সে সময় তার বাড়ির সদর দরজার সামনে বোমা ফাটানো হয় বলে দাবি। বোমার আওয়াজে আঁতকে উঠেন পরিবারের সদস্যরা। বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসতে তারা দেখেন গোটা এলাকা ধোঁয়াই ঢেকেছে। বোমার আওয়াজে জিয়াউল আলীর পরিবার সহ আশেপাশের প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখেন রাজ্য সড়কের ধারের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিনের কৌটো থেকে শুরু করে প্লাস্টিকের দড়ি।সেই সমস্ত সামগ্রী সংগ্রহ রেখেছে ওই পরিবার।
ওই বাসিন্দা জিয়াউল আলী বলেন, গতকাল রাত্রের বোমা বিস্ফোরণের ঘটনায় আমরা ব্যাপক আতঙ্কে রয়েছি। পরিবার নিয়ে এলাকায় কিভাবে থাকবো উদ্বেগে রয়েছি। দুষ্কৃতীরা কেন আমার বাড়ির সামনে বোমা ফেলল পুলিশ তা তদন্ত করে বের করুক।
ঘটনার বিবরণ নিয়ে তিনি থানায় লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ওই এলাকার বাসিন্দা জাহেদ আলীর বক্তব্য, ঘটনার পরে আমাদের সারারাত ঘুম হয়নি। প্রবল আতঙ্কে রয়েছি আমরা। কিছুদিন আগেও কলিগ্রাম পঞ্চায়েত গ্রাম এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে,কেন বারবার এলাকায় সন্ত্রাসমূলক কার্যকলাপ হচ্ছে বুঝে উঠতে পারছি না।
যদিও চাঁচল থানার পুলিশ জানিয়েছে, কেউ এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।তবুও বিষয়টি নজরে রাখা হচ্ছে।