গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে

এলাকায় তিনি পরিচিত তৃণমূলের একজন দাপুটে নেতা হিসেবে। আর তৃণমূলের দাপুটে নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে জেলা রাজনীতি থেকে শুরু করে গোটা এলাকায়।
মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তথা ভরতপুরের দাপুটে তৃণমূল নেতা বাবর আলি শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক গৃহবধূ। কোলে ছোট বাচ্চা নিয়ে কান্দি থানার দ্বারস্থ হলেন নিগৃহীত ওই গৃহবধূ। তার অভিযোগ , তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এলাকার ওই দাপুটে তৃণমূল নেতা একাধিকবার বাড়িতে ঢুকে জোর করে তাকে শারীরিক নির্যাতন করেছেন বেশ কয়েকবার।অনেক অনুরোধ করেও তৃণমূল নেতার হাত থেকে নিস্তার পাননি ওই গৃহবধূ। উল্টে ঘটনার কথা কাউকে জানালে তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয় পেয়ে এতদিন মুখ বন্ধ রেখে অবশেষে থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
যদিও এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা। কান্দি থানার দ্বারস্থ হয়ে ওই মহিলা তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে শোরগোল।