গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো আন্দামান থানার পুলিশ

মলয় দে নদীয়া :-গাঁজা পাচারের অভিযোগ তদন্ত চালিয়ে শান্তিপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো আন্দামান পুলিশ।জানা যায় আন্দামানের রঙ্গতে বাড়ি অভিযুক্তের। অভিযুক্ত নাম জগন্নাথ শীল। এলাকায় তিনি কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শাড়ি ব্যবসার সঙ্গে সঙ্গে তিনি গাজার ব্যবসা করতেন বলে অভিযোগ । গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে কাপড়ের সঙ্গে নিজের ছেলে ও মেয়েকে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা করছিল অভিযুক্ত। ঠিক তখনই আন্দামান এয়ারপোর্ট গাঁজাসহ অভিযুক্তর ছেলেমেয়ে হাতেনাতে ধরা পড়ে। এরপরেই ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে অভিযুক্ত জগন্নাথ শীল মূলত এই গাজার ব্যবসা করেছিলেন। পুলিশ জানতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গাঁজা নিয়ে এসে আন্দামানে পাচার করত। যদিও তার ছেলে এবং মেয়ে পুলিশের হাতে ধরার পর অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরপর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শান্তিপুর বুড়ো শিব তলা লেনের একটি বেসরকারি লজ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আন্দামান থানার পুলিশ। তাকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশের সহযোগিতায় শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। আজ অভিযুক্ত কে রানাঘাট মহাকুম আদালতে তোলা হয়। আন্দামান পুলিশ সূত্রের খবর অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য আদালতে কাছে আবেদন জানানো হবে।