মলয় দে নদীয়া :- গতকাল রাতে আচমকাই ভেঙে পড়ল বাড়ির একাংশ। স্থানীয়দের দাবি বোমা বিস্ফোরণের কারণেই ভেঙে পড়েছে বাড়ির একাংশ। ঘটনাটি ঘটে নদীয়ার চাপড়া থানার হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মতিন শেখের বাড়ির পাশেই তার আত্মীয় শফিকুল শেখ এর বাড়িতে ভেঙে পড়ে দেওয়াল। শফিকুল সম্পর্কে মতিনের ভাগ্নে । প্রচন্ড জোরে শব্দ হওয়ায় আশেপাশে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় চাপড়া থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান বোমা ফেটে নয়, বাড়ির দেওয়ালের গাঁথনি দুর্বল থাকায় তা ভেঙ্গে পড়েছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি বোমা বিস্ফোরণের কারণেই ভেঙে পড়েছে বাড়ির একাংশ। তবে কি তাহলে পঞ্চায়েত নির্বাচনের জন্যই মজুদ করা হচ্ছিল বোমাগুলো। প্রশ্ন বিরোধীদের।

