কল্যাণীর অবৈতনিক শিক্ষা সংস্থার, উদ্যোগে লিটারারির অনলাইন ক্লাসরুম তিন মাসের মেয়াদান্তে সফলতার নজির

মলয় দে নদীয়া- কল্যাণীর অবৈতনিক শিক্ষাসংস্থা লিটারারি ক্লাস রুম’এর উদ্যোগে প্রায় তিন মাস ধরে প্রতি বৃহস্পতিবার আয়োজিত হয়ে গেলো আন্তর্জালিক আলোচনা চক্র। কলকাতাকেন্দ্রিক পরিসর থেকে বেরিয়ে এসে গ্রাম এবং মফঃস্বলের কলেজ ও ইউনিভার্সিটিগুলির ছাত্র ছাত্রীদের মধ্যে বাংলায় তত্ত্বচর্চার স্ফুরণ ঘটানোর রাজনৈতিক অবস্থান নিয়ে আয়োজিত হওয়া এই আন্তর্জালিক লেকচার সিরিজের শেষ সেশনটি ছিল গতকাল।
গ্রাম এবং মফঃস্বলের ছাত্রছাত্রীরাই এই আলোচনার মূল লক্ষ্য হলেও যাদবপুর, প্রেসিডেন্সি, বিশ্বভারতী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। উক্ত লেকচার সিরিজে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ অনির্বাণ ভট্টাচার্য্য। এছাড়াও প্রতি সপ্তাহে নিয়ম করে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের গবেষক এবং অধ্যাপকবৃন্দ যথাক্রমে এই আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত থাকতেন। তত্ত্ববিশ্বের
জটিল থেকে জটিলতর সমীকরণের সঙ্গে পরিচিত হতে পেরে ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। প্রতিদিন প্রায় একশো জন শ্রোতা উপস্থিত থাকতেন। উক্ত লেকচার সিরিজের মাধ্যমে সংগৃহীত যাবতীয় অর্থ উদ্যোক্তারা দান করেন কোভিড পরিস্থিতিতে লায়ন্স ক্লাবের অক্সিজেন পরিষেবার মহতী উদ্যোগে ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের প্রয়োজনীয় বই প্রদানে। অ্যাকাডেমিক এবং মানবিক পৃথিবীর এমন কাঙ্খিত অথচ বিরল মেলবন্ধন সৃষ্টি করতে পেরে উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীরা অত্যন্ত খুশি এবং এই কাজ এগিয়ে নিয়ে যেতে উৎসাহী বলেই জানিয়েছেন তারা।