মৌমিতা দেবনাথ
কলকাতা বিমানবন্দরে বসবে সিলিকনের দুর্গামূর্তি, যাত্রীদের জন্য তৈরি হবে সেলফি জোন
কলকাতা বিমানবন্দরে এবার দর্শন করা যাবে স্বয়ং মা দুর্গার।বাংলার দুর্গা পুজোকে তুলে ধরতে এবার কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হল সিলিকনের দুর্গা মূর্তি। বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রীরা এটি দর্শন করতে পারবেন। শুধু তাই নয় , যাত্রীদের জন্য তৈরি হবে বিশেষ সেলফি জোনও। সিলিকনের এই মূর্তিটির রূপদান করেছেন বিখ্যাত শিল্পী সুবিমল দাস। গত বছর দুর্গাপুজোয় বরাহনগর দাদা ভাই সংঘের ক্লাবের পুজোয় এই সিলিকনের মূর্তি তৈরি করা হয়েছিল তখনই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই মূর্তি। লাল পাড় সাদা শাড়িতে পরম স্নেহে শিশুকে আগলে রেখেছেন একজন নারী। পাশে প্রতিকি রূপে ত্রিশূল এবং মাথার উপরে দশভুজার আরো আটটি হাত। এই মূর্তিটি গোটা বাংলা জুড়ে সারা ফেলে দিয়েছিল। তার ঠিক পরেই রাজ্য সরকারের তরফে সিলিকনের এই মূর্তিটি সংরক্ষিত করা হবে বলে জানানো হয়। কলকাতা বিমানবন্দরের টার্মিনালে দেশ-বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বাংলার ঐতিহ্যকে তুলে ধরার স্বার্থে এই মূর্তিটি বসানো হল। যা বাংলার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের।

