মৌমিতা দেবনাথ,
এইচআইভি পজিটিভ যুগলের বিয়ে- নজিরবিহীন বিবাহের সাক্ষী থাকল গোটা এলাকা
পাত্র-পাত্রী দুজনেই এইচআইভি পজিটিভ। পুষ্পবৃষ্টি আর বৈদিক মন্ত্রের মাধ্যমে চার হাত এক হল দুজনের। আর পাঁচটা রোগের মত সঠিক চিকিৎসায় এই রোগ ও নিরাময় করা সম্ভব। এই বার্তাই তারা দিলেন। যেমন অভিনব তাদের বিয়ে হয়েছে ঠিক সেরকমই তাদের প্রথম দেখাও হয় রোগের চিকিৎসা করাতে গিয়ে। সুনিতা ও সৌমিত্র দুজনেই এইচআইভি পজেটিভ। খুব ছোটবেলায় এইচআইভি পজিটিভ হয়ে সুনিতার বাবা-মা মারা যায়। মাত্র তিন বছর বয়সেই তাকে মেদিনীপুর থেকে সোনারপুরের আপনজন হোমে নিয়ে আসা হয়। পাত্র অর্থাৎ সৌমিত্র খুব ছোটবেলায় ডিফথেরিয়ার ইনজেকশন নিতে গিয়ে সিরিঞ্জ থেকে এইচআইভি আক্রান্ত হন। দুজনকেই চিকিৎসার কারণে প্রতিমাসে মেডিকেল কলেজে যেতে হতো। আর সেখানেই হল তাদের প্রথম দেখা। প্রথমে আলাপচারিতা এবং তারপর সেই আলাপচারিতা পৌঁছালো প্রেমের সম্পর্কে। অবশেষে রবিবার সন্ধ্যায় দুজনের চার হাত এক হলো। তবে আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বিয়ে হয়নি সম্পূর্ণ বৈদিক মতে কন্যা সম্প্রদান না করে এই বিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। বিবাহ আসনের পাশাপাশি খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহী। বিয়েতে ছিল রবীন্দ্রসঙ্গীতের আয়োজন। নতুন জীবনে প্রবেশ করে বর কনে দুজনেই খুশি। দুজন এইচ আই ভি পজিটিভ মানুষও যে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে পারে সমাজকে এই বার্তা দিলেন সৌমিত্র সুনিতা।

