হিট স্ট্রোকে, মৃত্যু হলো ব্যবসায়ীর

মলয় দে নদীয়া :- চলছে তীব্র দাবদহ। তাতেই প্রাণ ওষ্ঠাগত সর্বসাধারণের। বিশেষত, শ্রমিক কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের অন্নের সংস্থান করতে, বাধ্য হয়ে বেড়াতেই হচ্ছে এই প্রখর রোদ্রের মধ্যে। তবে তা যথেষ্টই বিপদজনক । প্রাণহানিও ঘটতে পারে।
এইরকমই নদীয়ার শান্তিপুর শহরের , ১০ নম্বর ওয়ার্ডের , চৈতন্য পল্লীর রেডিমেড বস্ত্র ব্যবসায়ী রমেন বিশ্বাস, মুর্শিদাবাদ বেলডাঙায় বস্ত্র বিপণন এর উদ্দেশ্যে সোমবার রাতে রওনা দেয়, মঙ্গলবার সকালে অত্যাধিক গরম সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সেখানেই। সেখান থেকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানান, এরপর তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে আসলে দুপুর একটা নাগাদ তাঁর মৃত্যু হয়।রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দুএকটি জায়গায় যা ৫/৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি।
৯, ১০ ও ১১ই মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড় মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে কি পড়বে না সে সম্পর্কে সঠিক পূর্বাভাস করা সম্ভব নয়। তাই এই সময় সকলকে সচেতন করা এবং নিজে সচেতন থাকাই একমাত্র উপায়।