সরস্বতী পুজোর আগে তিন ধাপে বকেয়া সহ ৬ শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

সরস্বতী পুজোর আগে তিন ধাপে বকেয়া সহ ৬ শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
ডি এ-র জন্য মামলা চলছে। তার মধ্যেই সরস্বতী পুজোর আগে তিন ধাপে বকেয়া সহ ৬ শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সেই বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের অর্থ দপ্তরের কাছে অর্ডারও পাঠানো হয়েছে বলে খবর। প্রথম কিস্তির বকেয়া টাকা দেওয়া হবে আগামী মাসেই। দ্বিতীয় কিস্তি মে মাসে এবং তৃতীয় কিস্তির বকেয়া টাকা ডিসেম্বরে।
জানা গিয়েছে, রাজ্যের কাছে হাইকোর্টের কর্মীদের প্রাপ্য বকেয়া ছিল ২৩ মাসের৷ এই নিয়ে দীর্ঘদিন ধরেই কর্মীদের সঙ্গে মতান্তর চলছিল রাজ্যের৷ অবশেষে দেরিতে হলেও রাজ্য কর্মচারীদের দাবি মেনে নেওয়ায় খুশি তাঁরা৷ বস্তুত, রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রয়েছে৷ এই নিয়ে শীর্ষ আদালতে গড়িয়েছে মামলাও৷ হাইকোর্টের কর্মীদের প্রতি রাজ্য যেরকম নরম মনোভাব দেখাল, রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের প্রতিও তেমন মনোভাব আগামী দিনে দেখায় কি না, তা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে কর্মচারী মহলে৷