শান্তিপুর রেলগেট এবং স্টেশন চত্বরে নিয়মিত যানজট সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা নিতে চলেছে পৌরসভা
মলয় দে নদীয়া:- তাঁত শাড়ি এবং বহু পুরাতন ধর্মীয় ঐতিহ্যপূর্ণ হিসেবে সুপরিচিত শান্তিপুরে , জাতীয় সড়ক পরিবর্তন হয়ে বাইপাস চালু হলেও, জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে অবশ্যই যানজট লেগে থাকে শহরের বিভিন্ন স্থানে। তবে শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসায়িক শ্রীবৃদ্ধির কারণে যখন-তখন স্থানীয় দোকানে মাল লোড-আনলোডের সমস্যা, বে নিয়ন্ত্রণ টোটোর পরিমাণ বৃদ্ধি, অনিয়মিত পুলিশি সেবা, এ ধরনের নানা সমস্যায় জর্জরিত পথচারীরা। বিশেষত ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দেওয়া ডেইলি পাসেঞ্জারদের দুর্ভোগের সীমা নেই।
এ বিষয়ে রেল যাত্রী সমিতির বক্তব্য ফুটপাত দখল করে এমনকি রাস্তার ওপরে পর্যন্ত দুপাশ দিয়ে অস্থায়ী টোটো স্ট্যান্ড গড়ে উঠেছে, যা যানজটের অন্যতম কারণ।
টোটো ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় বাজারে যখন-তখন মাল লোড আনলোড ভীড় সৃষ্টি করে। স্থানীয় বাজার সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিয়মিত পুলিশি পরিষেবা চেয়েও পাওয়া যায়নি।
তবে সকলেই তাদের ওপর আরোপিত দোস শুধরে নেওয়ার কথা বলেন আলোচনার মাধ্যমে।
আর এই আলোচনার সমাধান করতে আমরা পৌঁছেছিলাম শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ এর কাছে। তিনি আমাদের জানান, সকলকে নিয়ে অবিলম্বে একটি মিটিং আয়োজন করতে চলেছে পৌরসভা। শান্তিপুর পৌরসভার দীর্ঘদিনের পৌর পিতা একটি নির্দেশ দিয়েছিলেন, রেল স্টেশনের পাশে একটি ছোট্ট বাইপাস রাস্তা দিয়ে ট্রেন যাত্রীরা বাড়ি ফিরবেন, আর সেখানেই টোটোর চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করবেন, অন্যদিকে মূল রাস্তা দিয়ে শুধুমাত্র ট্রেন ধরতে যাওয়ার সময় ব্যবহার করতে হবে যাত্রীদের। আর এই পূর্ব নির্দেশ পুনরায় কার্যকরী করে তুলতে শান্তিপুর থানার হস্তক্ষেপ চাইবেন বলে আমাদের জানান। তবে সকলের সুবিধার্থে নিয়ম কার্যকরী করতে ব্যবসায়ী টোটো চালক এবং সাধারণ যাত্রীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

