শনিবার ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহুকুমায় সাব-ডিভিশানাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের জন্য আজ জায়গা পরিদর্শনে আসেন আইনসচিব।
খবরে প্রকাশ, রাজ্যের বিভিন্ন মহাকুমায় সাব-ডিভিশানাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের জন্য বর্তমান রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার তেলিয়ামুড়ায় মহকুমা স্তরের বিচারালয় স্থাপনের জন্য তেলিয়ামুড়া সফর করলেন রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত। সফরকালে বিচারালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন, মহকুমা শাসকের সাথে আলাপ-আলোচনা করলেন এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির সাথেও কথা বললেন শ্রী পালিত। গৌরাঙ্গটিলা স্থিত তেলিয়ামুড়ার মহকুমা শাসকের পুরাতন কার্যালয়েই মূলত সাব-ডিভিশানাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের সিদ্ধান্ত হয়।
এবিষয়ে আইনসচিব বিশ্বজিৎ মালিক জানান রাজ্য আইনদপ্তর ও রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজ্যের যেসকল মহাকুমা গুলিতে সাব-ডিভিশানাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এখনো নির্মাণ হয়নি ঐ সকল মহকুমাগুলিতে যত দ্রুত সম্ভব কোর্ট স্থাপন করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মোহনপুরের মত কয়েকটা জায়গায় এই প্রক্রিয়া অনেকদূর এগিয়ে গেছে ।
আরো আগেই তেলিয়ামুড়াতে এই কোর্ট স্থাপনের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিগত সময়ে কোভিড মহামারীর কারণে এই কাজ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি । তিনি আশা প্রকাশ করছেন অতিশীঘ্রই তেলিয়ামুড়াতে এই বিচারালয়ের তৈরীর কাজ শুরু হবে ।
আইন সচিব এর এই প্রস্তাবিত কোর্টের জায়গা পরিদর্শন কালে উনার সাথে ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা, মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্বরা।

