মলয় দে নদীয়া:- রক্তদানের আয়োজক সংস্থা হিসাবে রেকর্ড গড়লো নদীয়ার শান্তিপুরের গার্ডেন মোড় অজয় স্মৃতি সঙ্ঘ৷ অজয় স্মৃতি সংঘের রক্তদান উৎসবে শতাধিক মানুষ রক্তদান করে নজির গড়লেন নদীয়া জেলায়৷ ব্লাড ব্যাঙ্ক সূত্রের খবর সাধারনত জেলার রক্তদান শিবির গুলিতে ৩০ থেকে ৫০জন রক্তদাতা রক্তদান করেন৷ কিন্তু এখানে উৎসবের মেজাজে রক্তদান করায় খুশি রানাঘাট ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডাক্তার সুনীল বাস্কে৷ ডাক্তার বাস্কে আরো জানান যে, আয়োজকরা আগে থেকেই সম্ভাব্য রক্তদাতার সংখ্যা জানিয়ে রেখেছিলেন৷ ফলে তারাও প্রস্তুতি নিয়ে এসেছিলেন যাতে কোন রক্তদাতা ফেরৎ না যান৷ অজয় স্মৃতি সংঘের বাপ্পাদিত্য খাঁ, আইনজীবি তানিয়া মুখার্জী জানান যে, গ্রীষ্মকালে রক্তের সংকট গভীর হয়৷ প্রচন্ড গরমে রক্তদান শিবির কম হয়৷ ফলে রক্তের চাহিদা থাকে সাংঘাতিকভাবে৷ তাই এই গরমে রক্তের সংকট মেটাতেই তারা এই উদ্যোগ নিয়েছেন৷ বেশ কয়েকদিন থেকে তারা এলাকার মানুষকে রক্তদান করার জন্য উৎসাহিত করেছেন৷ তার ফল মিলেছে আজকের রক্তদান শিবিরে৷ ঐ রক্তদান শিবিরে গিয়ে দেখা যায় যে, রক্তদান করার জন্য রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বহু মানুষ৷ রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো৷ রক্তদাতাদের যাতে কোন অসুবাধা না হয় সেদিকেও নজর ছিলো উদ্যোক্তাদের৷

