রাজ্যে কাজের অভাব,ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মালদার শ্রমিকরা

এই রাজ্যে কাজের অভাব। ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মালদার শ্রমিকরা। কাজের অভিজ্ঞতা না থাকলেও ভিন রাজ্যে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে তাদের। ফলে প্রতিনিয়তই শ্রমিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। পরিসংখ্যান বলছে গত এক বছরে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রায় ১০ জন শ্রমিক মারা গেছে। ঠিক সেই রকমই মালদা থেকে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে শ্রমিকের কাজে গিয়ে লিফট ভেঙ্গে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন মালদার এক শ্রমিক। রবিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর জানতে পেরেই তাকে দেখার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গোটা গ্রামের ভিড় উপচে পড়ে। জানা যায় ওই শ্রমিকের নাম রঞ্জন মন্ডল। বাড়ি বিনোদপুরের বড় বহরমপুর এলাকায়। গত পাঁচ মাস আগে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে কাজে গিয়েছিলেন তিনি বলে পরিবারের সদস্যরা জানান।