মলয় দে নদীয়া :- মাটি মাফিয়াদের দৌড়াত্মে, ছয় ফুটের খাল পরিণত হয়েছে ১৩০ ফুটে, তারমধ্যে গঙ্গার জল ঢুকে আকার নিয়েছে নদীর । ব্রিজের মাধ্যমেপারাপারের ব্যবস্থা না থাকায়, বিপদজনক পারাপার স্কুল ছাত্র ছাত্রীদের।
চরম অমানবিক ঘটনাটি নদীয়ার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর সরাটী চরজিজিরা এলাকায়। সেখানে গতবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর পঞ্চায়েত প্রধান এসে এলাকাবাসীকে কথা দিয়েছিলেন বাঁশের সাঁকো তৈরি করার জন্য ২৫ হাজার টাকা দেবেন। কিন্তু সে অর্থ সহযোগিতা না পেয়ে, প্রায় আড়াই বছর বাদে এলাকার মানুষজন চাঁদা তুলে পরের বছর অর্থাৎ ২০১৯ সালে বানিয়েছিলেন বাঁশের ব্রীজ। কিন্তু তা নষ্ট হয়ে যাবার পরও যথেষ্ট ব্যয় সাপেক্ষ এই বাঁশের ব্রিজ আর বানানো সম্ভব হয়নি। তবে ব্রিজ না তৈরি হলেও সমাপ্ত হয়েছে ভোট পর্ব । এলাকাবাসীদের দাবি, স্থানীয় কিছু মাটিমাফিয়া রাতের অন্ধকারে কখনো প্রকাশ্য দিবালোকে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন সরু এক খাল থেকে মাটি কেটে আজ এই বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে। যার ফলে তাদের বাচ্চারা বিদ্যালয়ে পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছে, মাঝেমধ্যেই নৌকা পারা পার হতে গিয়ে জলে পড়ে যায় বাচ্চা। আবার গ্রীষ্মকালে জল শুকিয়ে গেলেও থাকে কাদা! এক হাঁটু কাদা পার হয়েই বিদ্যালয়ে যেতে হয় এই এলাকার বাচ্চাদের। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়া পাঁচ শতাধিক ছাত্র এখন প্রতিদিন গড় উপস্থিত মাত্র কুড়ি থেকে ত্রিশ জন।
অন্যদিকে চরসরাটী কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ বারংবার ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার অসুবিধা কথা জানালেও হেলদোল নেই প্রশাসনের। বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মূল বিদ্যালয়ে নয়, ওই খালের পাশে একটি বাড়িতে পড়াশোনার ব্যবস্থা করেছেন তারা।
স্কুল পড়ুয়াদের অভিভাবকরা ক্ষোভের সাথে জানিয়েছেন, নৌকা পার হয়ে এক কিলোমিটারের পথ ঘুরে যেতে হয় ১০ কিলোমিটার। অভাবী সংসারে জীবন জীবিকার উপার্জনের সময় নষ্ট করে তাই যাওয়া সম্ভব হয়না। তাই বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত বন্ধ আশেপাশের বিভিন্ন এলাকার বাচ্চাদের, মাঝেমধ্যে যদি দুই এক দিন বিদ্যালয়ে পাঠাতে হয় তাহলে এই বিপদজনক পরিস্থিতির মধ্যে দিয়েই পাঠাতে হয় তাদের বাচ্চাদের। এলাকাবাসী দাবি করেছে পাকাপাকি ব্রিজের। কিন্তু বিগত বোর্ডের মতন এবারের পঞ্চায়েত বোর্ডও কি শুনবে তাদের কথা! উত্তর দেবে সময়। তবে বর্ষা আসন্ন, এভাবে বিপদজনক পারাপারে যদি ভয়ানক কোন দুর্ঘটনা ঘটে যায় সে দায় নেবে কে ?

