মহানন্দা নদীর ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আটা বোঝাই ভুটভুটি ভ্যান । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার শাকমোহন এলাকায় । যদিও এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ওই গাড়ির চালক। দুর্ঘটনার বিষয়টি জানাজানি হতেই আশপাশের লোকজন ছুটে আসেন। তারাই চালককে উদ্ধার করেন। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। যদি এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ভুটভুটি ভ্যানের যন্ত্রাংশ ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত গাড়িটি হঠাৎই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ধারে উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ির চালক লোকমান মুন্সি এদিন আটা বোঝাই করেই নিয়ে যাচ্ছিলেন । তখনই এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।

