বছর দেড়েক আগে মারা গিয়েছেন স্ত্রী। তাঁর ইচ্ছে ছিল, গরিব মানুষজনের জন্য কিছু করা। তাই স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে গরিব পরিবারের মেয়েদের বিয়ে কিংবা বাচ্চাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য একটি অনুষ্ঠান মণ্ডপ নির্মাণের উদ্যোগ নিয়েছেন পেশায় আইনজীবী অমরেশ দত্ত। রথযাত্রার দিন পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে এই ভবনের শিলান্যাস অনুষ্ঠিত হয়।

বছর দেড়েক আগে মারা গিয়েছেন স্ত্রী। তাঁর ইচ্ছে ছিল, গরিব মানুষজনের জন্য কিছু করা। তাই স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে গরিব পরিবারের মেয়েদের বিয়ে কিংবা বাচ্চাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য একটি অনুষ্ঠান মণ্ডপ নির্মাণের উদ্যোগ নিয়েছেন পেশায় আইনজীবী অমরেশ দত্ত। রথযাত্রার দিন পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে এই ভবনের শিলান্যাস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার বাসন্তী রায়।
মালদা জেলা আদালতের আইনজীবী অমরেশবাবু জানান, ‘আমার স্ত্রী নিবেদিতা দত্ত গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রয়াত হন। তাঁর ইচ্ছে ছিল, গরিব মানুষ যাতে বিনা পয়সায় বিয়ে কিংবা অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, তার জন্য একটি মণ্ডপ নির্মাণ করা। তাঁর ইচ্ছে পূরণ করতে আজ আমরা এই মণ্ডপের ভিত্তিস্থাপন করলাম। আশা করছি, আগামী ছ’মাসের মধ্যে আমরা এই মণ্ডপ বাস্তবে রূপ দিতে পারব। গরিব মানুষজন বিয়ে কিংবা অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য এক রাত ও একদিন বিনা পয়সায় এই মণ্ডপ ব্যবহার করতে পারবেন। এই এলাকায় গরিব মানুষদের জন্য এমন ব্যবস্থা আগে হয়নি। আমরাই প্রথম এই উদ্যোগ নিয়েছি।’
এলাকার কাউন্সিলার বাসন্তী রায় বলেন, ‘অনেক গরিব মানুষেরই প্যান্ডেল করে বিয়ে কিংবা অন্নপ্রাশনের অনুষ্ঠান করার সামর্থ্য থাকে না। তাঁদের কথা চিন্তা করে অমরেশবাবু এই মণ্ডপ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এটা আমার ওয়ার্ডেই হচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়। বিষয়টি নিয়ে আমি পুরপ্রধানের সঙ্গে কথা বলব। এই মণ্ডপ নির্মাণে পুরসভার তরফে অমরেশবাবুকে কোনও সাহায্য করতে পারলে আমাদেরও ভালো লাগবে।’