ভাত বসানোর সময় জলের মধ্যে ভেসে উঠছে চাল,খাওয়ার সময় মনে হচ্ছে প্লাস্টিক,রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ।রেশনে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের চাল।থাকছে প্লাস্টিকের চালও বলে অভিযোগ।যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে পরিবারের আট থেকে আশি।ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিমাণ মতো দেওয়া হচ্ছে না রেশন সামগ্রী।রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রবিবার রাস্তায় চাল ফেলে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের
তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামের বাসিন্দারা।অভিযোগ উঠেছে তুলসীহাটা এলাকার রেশন ডিলার ধনঞ্জয় সাহার বিরুদ্ধে।যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার।এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের চাল দেওয়া হচ্ছে।এমনকি তার মধ্যে থাকছে প্লাস্টিকের চালও।সেই চালের ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই।ভাত রান্নার সময় মনে হচ্ছে কৃত্রিম চাল।বারবার রেশন ডিলার কে বললেও হচ্ছে না কোনো সমাধান।এছাড়াও অভিযোগ তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েও পরিমাণ মতন রেশন দেওয়া হচ্ছে না।বিক্ষোভকারী মনজুরা বিবি জানান,রেশন ডিলার প্লাস্টিকের চাল দিয়েছে।ওই চালের ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছি।আরেক বিক্ষোভকারী মানসার আলম বলেন, রেশন ডিলার একনায়কতন্ত্র চালাচ্ছে।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পদক্ষেপ গ্রহণ করার জন্য।রেশন ডিলার ধনঞ্জয় সাহার ছেলে মানস সাহা বলেন,অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।আমাদের কাছে যে ধরনের চাল আসছে আমরা সেটাই দিয়ে থাকি।এর মধ্যে দুর্নীতির কিছুই নেই।হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, ‘অভিযোগটি শুনেছি। প্রশাসনিক কর্তাদের খতিয়ে দেখতে বলব। ফিঙ্গারপ্রিন্ট এর ক্ষেত্রে হয়তো বায়োমেট্রিক ব্যবস্থার কোন সমস্যা হয়েছে।’

