হরিশ্চন্দ্রপুর,২৪ সেপ্টেম্বর:
দুর্ঘটনার হাত থেকে বাঁচানো মহম্মদ মোরসালিম এখন এলাকার সেলিব্রেটি।এলাকার স্বেচ্ছাসেবক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা মোরসালিম কে সংবর্ধনা জানাতে ফুলের তোড়া,মালা ও মিষ্টি নিয়ে ছুটছেন তাঁর বাড়িতে।কেন?জানলে আপনিও হয়তো চমকে যাবেন।চলুন তাহলে আসল ঘটনাটি জেনে নেওয়া যাক।গত শুক্রবারের ঘটনা।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের ঝাঙ্গর পাড়া গ্রামের বাসিন্দা তথা পঞ্চম শ্রেণির ছাত্র
মহম্মদ মোরসালিম(১১) ও গ্রামের আরো ৮ কিশোর বাড়ি থেকে ৪০০ মিটার দূরে
ভালুকা রেল রোড স্টেশনের কাছে রেল লাইনের ধারে মাছ ধরতে গিয়েছিল। এদের দলে ছিল বয়স ৫৫র মহম্মদ সহিমুদ্দিন নামে এক ব্যক্তিও।এদিন দুপুর তিনটে নাগাদ মাছ ধরে বাড়ি ফেরার পথে রেল লাইনের তলায় বড় গর্ত নজরে পড়ে মহম্মদ সহিমুদ্দিনের।ঠিক সেই সময় দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভালুকা রোড স্টেশন পেরিয়ে গেছে।এতে ট্রেনটি বড়োসড়ো দুর্ঘটনায় পড়তে পারে বলে দলে থাকা লাল টি-শার্ট পরিহিত মহম্মদ মোরসালিম কে টি-শার্ট টি খুলে মাথার উপরে ঘোরাতে বলেন এবং সহিমুদ্দিন ট্রেন চালকের দিকে এগিয়ে যান।ওই ভাবে খুদে কে দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক।ছুটে আসেন রেলের লোকজন।ছেলেটির কাছে সমস্ত কথা শুনে তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে যান।দেখেন,সত্যিই রেললাইনের তলায় একটা গভীর গর্ত হয়েছে।এর পর শুরু হয় লাইন মেরামতির কাজ।তারপর ট্রেনটি সুষ্ঠু ভাবে গন্তব্যে পৌঁছোয়৷খুদের এই সাহসকে বাহবা দিয়েছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে রেল যাত্রী ও এলাকার মানুষজন।ছেলের এই সাহসীকতায় দারুণ খুশি খুদের পরিবার-সহ গোটা গ্রাম।এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শনিবার ওই গ্রামে ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,
মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন এর স্বামী খলিলুর রহমান ও রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ এলাকার নেতৃত্বরা।গ্রামের ওই যুবক ও কিশোরের দলকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান সকল নেতৃত্ব।ভবিষ্যতে মোরসালিমের পাশে থাকার আশ্বাস দেন জিয়াউর রহমান চৌধুরী।

