নলহাটিতে মিটতে চলেছে যানজট সমস্যা , উদ্বোধন হতে চলেছে উড়ালপুলের

আগামী ৩১ জানুয়ারি বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেদিন থেকেই নিত্যদিনের যানজট সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চলেছেন নলহাটিবাসী। কেননা সেদিনই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে শহরের নবনির্মিত উড়ালপুলের।
রাজ্য সরকার ও রেল যৌথভাবে ৪০ কোটি টাকা খরচ করে এই উড়ালপুল নির্মাণ করেছে। কিছুদিন আগে এই উড়ালপুল নির্মাণের কাজ শেষ হয়েছে। তারপর উদ্বোধনের আগে তা সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পরীক্ষামূলকভাবে যানবাহনও চলাচল শুরু করেছে। কিন্ত আনুষ্ঠানিক ভাবে আগামী ৩১ জানুয়ারি তা উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ওইদিন বোলপুরের প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর জেরে রেলগেটের যানজটের যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলায় নলহাটি পুরসভার বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।