মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে চরপানপাড়া ও বেলেরমাঠ গ্রাম। দুইটি গ্রামের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে সারিগঙ্গা। বর্ষাকালে গত কয়েক বছর ধরে সেই সারিগঙ্গা কচুরিপানায় ভরে যায়। নৌকা চলাচলের ভীষণ অসুবিধা তৈরি হয় । কচুরিপানার মধ্যে দিয়ে নৌকা চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে আটকে যায় নৌকা। বুধবারেও সেই সারিগঙ্গা দিয়ে চলাচল করতে গিয়ে আটকে যায় একটি ট্রলার। প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। সারিগঙ্গার মাঝখানে ট্রলারটি আটকে যায়। কয়েক ঘন্টা ধরে আটকে থাকে ট্রলারটি। যাত্রীদের উদ্ধার করার জন্য খবর পেয়ে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। খবর দিতে হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের দলকে। তারা এসে যাত্রীদের উদ্ধার করেন। ওই ঘটনায় ক্ষিপ্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ,’ চর পানপাড়া এলাকার প্রায় ৪ হাজার মানুষের যাতায়াতের পথ এটাই। বিভিন্ন কাজে তাদের শান্তিপুরের দিকে আসতে হয়। শান্তিপুরের দিকে আসতে হয় একাধিক ছাত্র-ছাত্রীদের। অথচ বর্ষাকালে সারি গঙ্গা কচুরিপানায় ভরে থাকায় পারাপার করতে লেগে যায় দীর্ঘ সময়। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তারা ভোটের সময় শুধু আশ্বাস দেন। কিন্তু কচুরিপানা পরিষ্কার করার কোনো ব্যবস্থাই করেন না।’
পঞ্চায়েত প্রধান মমতা ধারা জানান, প্রতিবছরই কচুরিপানা জন্মায় তবে এ বছর অনেকটাই বেশি! যে কারণে সমস্যা জটিল হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে বিডিওর সাথে কথা হয়েছে তিনি অতিসত্বর একটি বিশেষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

