নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
নদীয়ার শান্তিপুরে আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধার
আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর এলাকায়। জানা গেছে ওই বৃদ্ধার নাম আধারি মন্ডল এবং বয়স ৮৫ বছর। বৃদ্ধার নিজের মানুষ বলতে কেউ নেই তাই দেহ সৎকারে এগিয়ে এসেছে প্রতিবেশীরা। জানা গেছে এদিন ওই বৃদ্ধা আগুন পোহাচ্ছিল। তখনই আচমকা তার শাড়িতে আগুন লেগে যায় এরপর চিৎকার চেঁচামেচি শুরু করে সে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পায় তার দেহের অর্ধেক অংশ পুড়ে গেছে। এরপর তাকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে, তারপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীরা জানায় ভিক্ষাবৃত্তি করেই তার দিন চলতো এবং স্থানীয় এক প্রতিবেশীর জায়গাতেই তিনি থাকতেন। তাই এখন তার সৎকারের দায়িত্ব পুরোটাই প্রতিবেশীরা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।

