নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আজ নদিয়ার কৃষ্ণনগরে অল বেঙ্গল চিট ফান্ড সাফারস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে এক ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালিত হল কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে। মূলত ২০১৩ সালে চিটফান্ড কেলেঙ্কারিতে গচ্ছিত টাকা ফেরত না পাওয়ায় সেই প্রতিবাদেই তারা এই পথ অবরোধ কর্মসূচি পালন করল। ছয় দফার দাবি নিয়েই আজ তাদের এই আন্দোলন। ২০১৩ সালে রাজ্যে যে চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল তা সকলেরই জানা, বহু মানুষের টাকা গচ্ছিত ছিল এই চিটফান্ডে। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অবিলম্বে মানুষের টাকা তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এত বছর কেটে যাওয়ার পরেও বহু মানুষ এখনো পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি। তাই কেন্দ্র এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই তারা আজ পথে নেমে পথ অবরোধ কর্মসূচি পালন করে। চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ তাদের ন্যায্য টাকা ফেরত পাবে ততদিন তারা আন্দোলন জারি রাখবে।

