ধুনোর গন্ধ ছড়িয়ে চলছে জীবিকা নির্বাহ, জানতে ইচ্ছা করছে তো এমন কাজ কে করছেন?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অন্নসংস্থানই মানুষের জীবিকা নির্বাহের মূল লক্ষ্য। দুবেলা পেট ভরে খাওয়ার জন্যই মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত ছুটে চলে। বিভিন্নভাবে মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। হরেক রকমের কাজ আছে এই পৃথিবীতে। তবে কখনো কি শুনেছেন ধুনোর গন্ধ ছড়িয়ে কেউ জীবিকা নির্বাহ করছে শুনতে অবাক মনে হলেও এমনটাই সত্যি। সকাল সন্ধ্যা ধুনোর গন্ধ ছড়িয়ে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করছেন বছর ৭০ এর বৃদ্ধ মহম্মদ আলী শেখ। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়া শরীফ এলাকায়। আগে পেশায় তিনি দিনমজুরি করতেন। স্ত্রী এবং এক মেয়ে নিয়ে তিনজনের সুখের পরিবার। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীর ভেঙে পড়েছে। অথচ পরিবারের তিনি একমাত্র উপার্জনদাতা। তাই কি করবেন বুঝতে না পেরে হঠাৎই তার মাথায়ও ধুনোর গন্ধ ছড়িয়ে জীবিকা নির্বাহের কথা। কিন্তু হঠাৎ কেন এই জীবিকা, তিনি জানান যে মন্দির মসজিদ গির্জা সব জায়গাতেই দুবেলা ভগবানের নামে ধুনোর গন্ধ ছড়ানো হয় তাই তিনি এই পেশাকেই বেছে নেন অন্নসংস্থানের জন্য। প্রথমদিকে তার কপালে জুটেছে অনেক ব্যঙ্গ বিদ্রুপ অনেকে আবার দোকানে তাকে ঢুকতেও দেননি। কিন্তু সব সমস্যা সহ্য করে তিনি তার লক্ষ্যে স্থির থেকেছেন। আর তারপর থেকেই ঘুটিয়া শরীফ তালদি বেথবেরিয়া ক্যানিং স্টেশনে তাকে নিত্যদিন সকাল-সন্ধ্যা দেখতে পাওয়া যায় ধুনোর গন্ধ ছড়িয়ে দিতে। আর এর বিনিময়ে সবাই তাকে দু টাকা ৫ টাকা করে দেন আর তাতেই তার দুবেলা দুমুঠো খাবার যোগাড় হয়ে চলেছে। এই কাজ করে এখন বেশ সুখেই আছেন তিনি।