নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
দুয়ারে সরকারের পর এবার ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি পালন।মানুষের সমস্যার সমাধান করতে এবার দুয়ারে পৌঁছে যাবে পুলিশ প্রশাসন। হাওড়ার সিটি পুলিশের উদ্যোগে দুয়ারে সরকার পুলিশ কর্মসূচি পালন করা হলো । হাওড়ার সিটি পুলিশ এলাকার মধ্যে শুরু করেছে দুয়ারে পুলিশ কর্মসূচি। যেখানে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার ব্যাপারে পুলিশকে এসে জানাতে পারবে। মূলত প্রান্তিক মানুষের সাথে পুলিশের সরাসরি জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই দুয়ারে পুলিশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল এর বিধায়ক প্রিয়া পাল। তিনি জানালেন সাধারণ মানুষের মধ্যে সচরাচর ভয়-ভীতি থাকে পুলিশের কাছে যেতে বা বিভিন্ন প্রশাসনিক ব্যাপারে থানার দ্বারস্থ হতে। তাই এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মনের ভয় ভীতিও কেটে যাবে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানও হবে। আগামী দিনে তাদের ইচ্ছে আছে শুধুমাত্র শহর অঞ্চলেই নয়, গ্রামাঞ্চলেও এই দুয়ারে পুলিশ কর্মসূচি পালন করবে। এছাড়াও এ দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার প্রতীক্ষা ঝাঝারিয়া। হাওড়ার ডোমজুড় এবং শিবপুর থানায় এই কর্মসূচি পালন করা হয়েছে। দুয়ারে পুলিশ কর্মসূচির মাধ্যমে যে সাধারণ মানুষ অনেকটাই লাভবান হবে তা নিয়ে যথেষ্ট আশাবাদী হাওড়ার পুলিশ প্রশাসন।

