মৌমিতা দেবনাথ
তিন বছর সম্পর্কের পর প্রেমিকার প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে বিয়ে করতে নারাজ প্রেমিক
ফেসবুক থেকে আলাপ তারপর তিন বছরের গভীর সম্পর্ক। এরপর প্রেমিকা বিয়ে করতে চাইলে আজব অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের কান্দির দোহালিয়া কালীবাড়ি এলাকায়। জানা গেছে বিদেশে কর্মরত থাকাকালীন ফেসবুকের মারফত আলাপ হয় শেফালী এবং রাকেশের। তিন বছর সম্পর্কে থাকার পর শেফালী রাকেশকে বিয়ে করতে বলে কিন্তু নানা রকম অজুহাত দেখায় সে। অবশেষে শেফালীর সঙ্গে কান্দির দোহালিয়া কালীবাড়িতে দেখা করতে আসে রাকেশ। সেখানে প্রেমিক রাকেশ জানায় যে শেফালী শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তার পরিবার এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। এরপরই উভয়ের মধ্যে বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ এবং দুজনকেই তারা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।

