টিভিতে কার্টুন দেখা নিয়ে নাবালিকা ভাই বোনের মধ্যে মারামারি। ভাইকে বেধরক মারধর করেছিল নাবালিকা দিদি। বিষয়টি বাড়িতে জানতে পারলে বাবা-মা বকাবকি করবে। এই ভয়ে সকলের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী।

মালদা, ১৯ মার্চ। টিভিতে কার্টুন দেখা নিয়ে নাবালিকা ভাই বোনের মধ্যে মারামারি। ভাইকে বেধরক মারধর করেছিল নাবালিকা দিদি। বিষয়টি বাড়িতে জানতে পারলে বাবা-মা বকাবকি করবে। এই ভয়ে সকলের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কাদেরপুর এলাকায়। রবিবার সকালে এই ঘটনার পর তদন্তে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃত ওই ছাত্রী দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম জল্পনা মণ্ডল। তার বয়স ১১ বছর।
পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে বাড়িতে অভিভাবকরা ছিলেন না। সেই সময় টিভিতে কার্টুন দেখা নিয়ে দুই ভাই-বোনের মধ্যে তুমুল ঝগড়া হয় । এরপরই ভাইকে চরম মারধর করে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। বাড়ির লোকেদের বিষয়টি নিয়ে নালিশ করতে পারে তার ভাই, সেই ভয়ে শোবার ঘরেই সিলিংয়ে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় পঞ্চম শ্রেণীর এই ছাত্রী।
এদিকে এত অল্প বয়সে আত্মঘাতী হওয়ার এইরকম প্রবণতা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে পুলিশ এবং পাড়া-প্রতিবেশীরাও। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।