মৌমিতা দেবনাথ
রাস্তার অবস্থা জরাজীর্ণ। গোটা রাস্তা জুড়ে শুধুই গর্ত আর বর্ষাকালে তো সেই গর্তে জল জমে বিপদজনক অবস্থা। কিন্তু নিরুপায় হয়ে সেই রাস্তাতেই চলছে যানবাহন এবং চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার কোন উন্নতি হয় না। ফুটি ফাটা রাস্তা দিয়েই কোনরকমে চলাচল করছে মানুষ। এই দৃশ্য দেখতে পাওয়া গেল উত্তর ২৪ পরগনার হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিথারী এলাকায়। পথশ্রী প্রকল্পের আওতায় নাকি নতুন রাস্তা নির্মাণ হচ্ছে কিন্তু কোথায় সেই রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নেতা মন্ত্রীদের থেকে ভুরি ভুরি প্রতিশ্রুতি মেলে কিন্তু ভোট ফুরোলেই তাদের আর দেখা পাওয়া যায় না। রাতবিরেতে অবস্থা হয়ে ওঠে আরো ভয়াবহ। কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সেই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে পড়তে হয় চরম দুর্ভোগে। কবে হবে রাস্তা নির্মাণ কবে কাটবে মানুষের বিপদ সেই আশাতেই এখন এলাকার বাসিন্দারা।

