চাকদহ চৌগাছা বাজারে গভীর রাতে আগুনে ভস্মিভূত দুটি দোকান

চাকদহ চৌগাছা বাজারে গভীর রাতে আগুনে ভস্মিভূত দুটি দোকান
গভীর রাতে চাকদহ থানার অন্তর্গত চৌগাছা বাজার সংলগ্ন এলাকায় দাউ দাউ করে জ্বলছে আগুন। চৌগাছা বাজারের দুটি দোকানে আগুনে পুড়ে প্রায় সমস্ত জিনিস ভস্মিভূত হয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে বাপি মজুমদার নামে এক ব্যক্তির গ্যাসের দোকানের ভেতর থেকে পোড়া গন্ধ এবং গল গল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দোকান খুলতেই দেখতে পাওয়া যায় দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বিষ্ণুদাস নামে এক ব্যক্তির ফলের দোকানে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চাকদহ থানায় ও দমকলে। সকলের মিলিত প্রচেষ্টায় আধঘন্টা পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ প্রশাসন। ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে গ্যাসের দোকানের মালিক বাপি মজুমদার জানান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে তার অনুমান। ভয়াবহ অগ্নিকাণ্ডে তার দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।
ঘটনায় জেলা পরিষদের সদস্য প্রবীর মজুমদার বলেন, কিভাবে ঘটনা ঘটেছে তা বলা মুশকিল হয়তো শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে।