ঘরের মেঝেতে শুয়ে থাকা আর নয়,সাপের কামড়ে মৃত্যু গৃহবধুর! চিকিৎসকের পরামর্শ জানুন

মলয় দে নদীয়া:- সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনাটি ঘটে গতকাল রাতে নদীয়া শান্তিপুর বাবলা পঞ্চায়েতের বাহাদুরপুর কন্ধখোলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাড়ির মেঝেতে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। আচমকা সাপে কামড় দেয় বলে পরিবারের দাবি। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি ওই গৃহবধূর। তবে এ ক্ষেত্রে বিষক্রিয়া থেকেও আতঙ্কিত হয়ে হার্ট ফেল করার সম্ভাবনা বেশি থাকে, তাই মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে ‌
ওই গৃহবধুর নাম সনকা রাজোয়ার বয়স আনুমানিক ৩৯ বছর। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট পুলিশ মর্গে।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
এ প্রসঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মেডিসিনের ডাক্তার নবকৃষ্ণ সরকারের বিশেষ সতর্কতা বার্তা। তিনি বলেন অধিকাংশ সময়ে মাটিতে শোয়ার প্রবণতা থাকে গ্রামে, সামনেই আসন্ন বর্ষাকাল তাই নিজেদের সজাগ থাকতে হবে। মশারি টাঙিয়ে উঁচুতে শোয়া দরকার, অনেকেই সাপে কামড়ানো স্থানটি শক্ত করে বেঁধে নিয়ে আসেন, সে ক্ষেত্রেও তার পরামর্শ নড়াচড়া বিহীন ভাবে সেই অঙ্গের সঞ্চালন না করে সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করানোর।